March 18, 2026, 9:32 am
সর্বশেষ সংবাদ:
পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধবিরতির আহ্বান জামায়াত আমিরের ঈদ উপলক্ষে যমুনা সেতু দিয়ে পার হলো স্বাভাবিকের চেয়ে প্রায় ২৯ হাজার বেশি যানবাহন ক্ষমা চেয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল ইসরায়েলের রাজধানীতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ও সালাহউদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্যে সন্ত্রাসী হামলার হুমকি ঠেকাতে সফল এফবিআই ‘ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর’ শীর্ষ নেতাদের হত্যা করলেও রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে না: আব্বাস আরাঘচি ‘জামায়াতকে সঙ্গে নিয়ে চীনের ঈদ উপহার’ বিভ্রান্তির ব্যাখ্যা দিল দূতাবাস ইরানে সেনা পাঠাতে ভীত নই, যদি স্থল হামলা হয় তাহলে ভিয়েতনামের মতো অবস্থা হতে পারে: ট্রাম্প

খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করায় ফেনীতে উচ্ছ্বাস

Reporter Name
  • Update Time : Monday, November 3, 2025
  • 101 Time View

ফেনীর কৃতী সন্তান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফেনী-১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এজন্য দলের নীতিনির্ধারকদের ধন্যবাদ জানিয়েছেন তারা। এখন সবাই মিলেমিশে বেগম জিয়াকে উক্ত আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদ সদস্য হিসেবে পার্লামেন্টে পাঠাবেন বলে প্রতিশ্রুতি জ্ঞাপন করেন নেতারা।

দলীয় সূত্রে জানা যায়, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ (২৬৫) সংসদীয় আসনটি ঐতিহ্যগতভাবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত। তিনি এই আসন থেকে নির্বাচিত হয়ে তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। খালেদা জিয়ার জন্মভূমি হিসেবে ফেনীকে বিএনপির ঘাঁটি হিসেবে ধরা হয়।

ইতোমধ্যে এ আসনে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে খালেদা জিয়ার পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণসহ প্রচার-প্রচার চালিয়েছেন। দলীয় নেতাকর্মীদের মুখে এখনো ‘ফেনীর মেয়ে খালেদা গর্ব মোদের আলাদা’ এ স্লোগানই বেশি শোনা যায়। বেগম খালেদা জিয়া এই আসনে পরপর ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন।

এ ছাড়া বিগত ২০১৮ সালের নির্বাচনে এই আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। এর আগে ১৯৭৩ সালে আওয়ামী লীগের এবিএম মূসা এ আসনে জয়লাভ করলেও এরপর আওয়ামী লীগ আর এই আসনে জিততে পারেনি। সর্বশেষ ২০২৪ সালের বিরোধী দলবিহীন নির্বাচনে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এ বিষয়ে জানতে চাইলে ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমদ কালবেলাকে জানান, বেগম জিয়াকে এ আসনে মনোনীত করায় আমি বিএনপি হাইকমান্ডকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ প্রতিবারের মতো এবারও আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে বেগম জিয়াকে বিপুল ভোটে উক্ত আসন থেকে নির্বাচিত করে সংসদে পাঠাবো। আশা করছি ফেনীর উন্নয়নে সর্বস্তরের জনগণ এক কাতারে শামিল হয়ে ধানের শীষ প্রতীকে বেগম জিয়াকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।

পরশুরাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে বিভাজন থাকলেও খালেদা জিয়া প্রার্থী হওয়ায় সব বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে সব নেতাকর্মী কাজ করবে ইনশাল্লাহ।

ফুলগাজী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল গোলাপও একই সুরে বলেন, রাষ্ট্রের উন্নয়ন ও ফেনীর উন্নয়নে তাঁরা আবারও খালেদা জিয়াকে ফেনী-১ আসনে বিজয়ী করবেন।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল কালবেলাকে জানান, খালেদা জিয়া এ দেশের সবচেয়ে নির্যাতিত মজলুম দেশনেত্রী। তাকে ফেনী-১ আসনে সংসদ সদস্য হিসেবে প্রার্থী ঘোষণা করায় জেলা বিএনপির পক্ষ থেকে দলের হাই কমান্ডকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ নিয়ে আমরা খুব উচ্ছ্বসিত। আমরা আশা করছি ফেনী জেলার সার্বিক উন্নয়নে ফেনী-১ আসনের জনগণ আমাদের প্রিয় নেত্রীকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ির বাসিন্দা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com