অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করেছেন চিত্রনায়িকা পরীমনি। অসুস্থ থাকায় আগামীকাল মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এ বিচারাধীন শ্লীলতাহানির অভিযোগে করা মামলার সাক্ষ্যগ্রহণে তিনি হাজির হতে পারবেন না বলে জানা গেছে।
আজ সোমবার পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, পরীমনি অসুস্থ থাকায় তিনি আদালতে আসতে পারবেন না। তারপক্ষে সময় চেয়ে আবেদন করা হবে।
মামলার আসামি হলেন- ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম।
মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৪ জুন ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে সাভার থানায় মামলা করেন পরীমনি। তদন্ত শেষে ওই বছরের ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।
একই বছরের ২৯ নভেম্বর পরীমনির আংশিক জবানবন্দির মধ্যে দিয়ে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
২০২৩ সালের ২৪ জুলাই আদালতে জবানবন্দি দিতে ইতস্ততাবোধ করেন পরীমনি। তার আইনজীবী ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে বিচারকাজ করার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পরবর্তীতে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর এ মামলায় পরীমনির জবানবন্দি রেকর্ড শেষ হয়।