পটুয়াখালী-৩ আসনে (গলাচিপা-দশমিনা) বিএনপি সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘গলাচিপায় মানুষের যে জোয়ার দেখছি, আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণভাবে ভোট দেবেন, যারা বিরোধিতা করেছে বিজয়ের পরে তাদের নিয়ে শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপন করবো আমরা।’
তিনি বলেন, ‘বাস্তবতা হলো পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলন কিংবা জামায়াতের এককভাবে বিজয়ের মতো ভোট নেই। একজন স্বতন্ত্র প্রার্থী আছেন, যিনি বিএনপির নেতা ছিলেন, বর্তমানে বহিষ্কৃত। এই বাস্তবতায় যদি আমরা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হই, তাহলে ভবিষ্যতে এলাকার দুর্ভোগ ছাড়া কিছুই নেই।’
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনি শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নুর বলেন, ‘বরিশাল বিভাগের সবচেয়ে কম বয়সী তরুণ প্রার্থীদের একজন আমি। আপনাদের সামনে দাঁড়িয়েছি সন্তান হিসেবে। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সময়ের স্বল্পতা ও নানা প্রতিকূলতার কারণে আমি সবার কাছে যেতে পারিনি। সব বাজারে ঘুরতে পারিনি। সবাইকে ফোনও দিতে পারিনি। অনেকেই হয়তো প্রত্যাশা করেছিলেন ঘরে ঘরে গিয়ে কথা বলবো। সেটি সম্ভব হয়নি। আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’
তিনি বলেন, ‘দলমত নির্বিশেষে আমি এই এলাকার উন্নয়নের জন্য আপনাদের সবার কাছে আহ্বান জানাচ্ছি। আগামী ১২ তারিখ ট্রাক মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনসহ তার অনুসারীদের বলবো, যদি ১১ তারিখের মধ্যে ট্রাকের পক্ষে কাজ করেন তবে বিএনপি থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুরোধ করবো।’
গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাফ হোসেন, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান প্রমুখ।