ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহীমি জাহানাবাদি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প পালাবার পথ খুঁজছেন।
বুধবার (১ এপ্রিল ২০২৬) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ইরান দূতাবাস।
সংবাদ সম্মেলনে ইরানের রাষ্ট্রদূত বলেন, এই যুদ্ধে ইরান আগে থেকে কোনো আক্রমণ করেনি। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই যুদ্ধ শুরু করেছে। তবে যুদ্ধের এক মাস যেতে না যেতেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প পালাবার পথ খুঁজছেন।
এ সময় তিনি বাংলাদেশের জনগণ এ যুদ্ধে ইরানের পক্ষে সমর্থন জানানোয় ইরানের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ইরানের রাষ্ট্রদূত বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আগের যে প্রেসিডেন্ট ছিলেন, তিনি জায়ানবাদী ইসরায়েলের ফাঁদে পা দেননি। তবে বর্তমান প্রেসিডেন্ট এই ফাঁদে পা দিয়েছেন। এখন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট সকালে, এক কথা, দুপুরে এক কথা আর রাতে আরেক কথা বলছেন।
ইরানের রাষ্ট্রদূত বলেন, ওমানে যখন শান্তি আলোচনায় দীর্ঘদিন থেকে চলা উত্তেজনার একটি সমাধানের পথ খোঁজা হচ্ছিলো। তখনই যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শুরু করে। আর ইরান আত্মরক্ষার জন্য এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
তিনি ওই অঞ্চলের দেশগুলোতে হামলার বিষয়ে বলেন, মধ্যপ্রাচ্যের কোনো দেশে ইরান হামলা করছে না। বরং যে সকল ঘাঁটি ব্যবহার করে ইরানের ওপর আগ্রাসন চালিয়েছে ওই সকল মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের শক্রদের লক্ষ্য করে হামলা চালানো হয়।