মোঃ মাইন উদ্দিন :
নরসিংদীর আলোচিত কিশোরী হত্যা মামলার তদন্তে সম্প্রতি নতুন মোড় এসেছে। কিশোরীর সৎবাবা আশরাফ আলী আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় নিজের ওপর নিয়েছেন। পুলিশের ভাষ্য, এই স্বীকারোক্তির মধ্য দিয়েই যেন ঘটনার দীর্ঘ নাটকের সমাপ্তি ঘটেছে।
কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। এই স্বীকারোক্তি যতটা না প্রশ্নের উত্তর দিয়েছে, তার চেয়ে বেশি নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।
প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তদন্তের স্বচ্ছতা নিয়ে। মামলার শুরুতেই ধর্ষণ ও হত্যার অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে কয়েকজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। এখন যদি সৎবাবার স্বীকারোক্তি অনুযায়ী তিনিই প্রকৃত হত্যাকারী হয়ে থাকেন, তাহলে আগের সেই স্বীকারোক্তিগুলোর অবস্থান কী?
সেগুলো কি চাপের মুখে আদায় করা হয়েছিল, নাকি তদন্তের প্রাথমিক পর্যায়েই কোথাও গুরুতর ভুল হয়েছিল?
এই প্রশ্নের উত্তর শুধু আইনগত দৃষ্টিকোণ থেকে নয়, মানবিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, কোনো অপরাধের তদন্তে ভুল বা তাড়াহুড়ো হলে শুধু প্রকৃত অপরাধীই আড়ালে থেকে যায় না, নিরপরাধ মানুষও অন্যায়ভাবে অভিযুক্ত হওয়ার ঝুঁকিতে পড়ে।
এই ঘটনার আরেকটি উদ্বেগজনক দিক হলো আশরাফ আলীর অতীত। পুলিশের তথ্য অনুযায়ী, ২০১১ সালে শেরপুরের নালিতাবাড়ীতে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে হত্যা করার দায়ে তার মৃত্যুদণ্ড হয়েছিল। পরে উচ্চ আদলতে আপিলের মাধ্যমে জামিনে মুক্ত হয়ে তিনি নরসিংদীতে এসে নতুন জীবন শুরু করেন এবং ওই কিশোরীর মাকে বিয়ে করেন।
প্রশ্ন জাগে, এত গুরুতর অপরাধের ইতিহাস থাকা একজন ব্যক্তি কীভাবে সমাজে এত সহজে মিশে যেতে পারলেন? তার অতীত সম্পর্কে কি স্থানীয় সমাজের কোনো ধারণা ছিল না? কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এমন একজন ব্যক্তির চলাফেরা বা অবস্থান সম্পর্কে কোনো নজরদারি ছিল কি?
এই প্রশ্নগুলো কেবল একজন ব্যক্তিকে ঘিরে নয়, বরং আমাদের সামাজিক বাস্তবতাকেই সামনে নিয়ে আসে।
ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সমাজের ভেতরের চাপ, অপমান ও গুজবের সংস্কৃতি। কোনো কিশোরী বা নারীর ব্যক্তিগত সম্পর্ক কিংবা অভিযোগকে কেন্দ্র করে অনেক সময় সমাজে একধরনের ‘অনানুষ্ঠানিক বিচার’ শুরু হয়ে যায়। গুজব, অপমান এবং সামাজিক চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
ফলে সত্য অনেক সময় চাপা পড়ে যায়, আর প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যাওয়ার সুযোগ পায়।
নরসিংদীর এই ঘটনাও যেন সেই অন্ধকার বাস্তবতারই প্রতিচ্ছবি- যেখানে ধর্ষণের অভিযোগ, সামাজিক অপমান, পারিবারিক সংকট এবং শেষ পর্যন্ত একটি নির্মম হত্যাকাণ্ড এক সুতোয় গাঁথা হয়ে গেছে।
কিন্তু এখানেই বিষয়টি শেষ নয়। তদন্তের এই পরিবর্তিত চিত্রের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরই বর্তায়। কারণ, একটি মামলার প্রকৃত সত্য উদঘাটনের পাশাপাশি নিরপরাধ কাউকে যেন ভুলভাবে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত না করা হয়, সেটিও সমানভাবে গুরুত্বপূর্ণ।
জনগণের আস্থা টিকিয়ে রাখতে হলে এই মামলার তদন্তের প্রতিটি ধাপ স্বচ্ছতার সঙ্গে সামনে আনতে হবে। আগে যারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, তাদের ভূমিকা ও সেই স্বীকারোক্তির প্রেক্ষাপটও স্পষ্ট করা জরুরি।
কারণ, একটি হত্যাকাণ্ডের বিচার শুধু একজন অপরাধীকে শনাক্ত করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পুরো বিচারপ্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করাই হলো রাষ্ট্র ও আইনের প্রকৃত পরীক্ষা।
নরসিংদীর আলোচিত এই ঘটনাও এখন সেই পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়ে আছে।