April 6, 2026, 2:19 am
সর্বশেষ সংবাদ:

নারী আসনের নির্বাচনী তফসিল চূড়ান্ত হচ্ছে আজ

Reporter Name
  • Update Time : Monday, April 6, 2026
  • 18 Time View
আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে। এ লক্ষ্যে আজ নির্বাচন কমিশনের ১১তম কমিশন সভা অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো তাদের প্রাপ্ত আসনসংখ্যা অনুসারে যাঁদের মনোনয়ন দেবে, মূলত তাঁরাই নির্বাচিত হবেন।

এ নির্বাচনে ভোটগ্রহণের নজির নেই। ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হলেও প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হলে নির্বাচন কমিশন একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। এরই মধ্যে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো তাদের দলীয় ও জোটের তালিকা ইসিতে জমা দিয়েছে। দলীয় বা জোটের মনোনয়নপ্রত্যাশীরাও মনোনয়নের অপেক্ষায় রয়েছেন।
 

সংশ্লিষ্ট আইন অনুসারে সাধারণ আসনে নির্বাচনী ফলাফলের সরকারি গেজেট প্রকাশ হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি এই গেজেট প্রকাশিত হয়। সে ক্ষেত্রে এ নির্বাচনের সময় রয়েছে আগামী ১৪ মে পর্যন্ত। তবে এই নির্বাচন দ্রুত শেষ করতে চায় কমিশন।

 

ইসি সূত্র জানায়, কমিশনের ১১তম সভা শেষে আজই নারী আসনের তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ভোটের জন্য ইসি সচিবালয় থেকে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। সম্প্রতি ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পৃথকভাবে জোটগত প্রার্থী দেবে। বিএনপির সঙ্গে থাকছে গণ-অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন আর বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। জামায়াতের সঙ্গে থাকবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

 

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা ও বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা কোনো জোটে থাকবেন না।

ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্বতন্ত্র সংসদ সদস্য নিজেরা আলাদা একটি জোট করেছেন। সংসদে প্রাপ্ত আসনসংখ্যা অনুসারে বিএনপি জোট ৩৬, জামায়াত জোট ১৩ ও স্বতন্ত্র জোট একটি নারী আসন পাচ্ছে।

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) আইন-২০২৩ অনুযায়ী, সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের দিন থেকে ৩০ কার্যদিবসের মধ্যে সংরক্ষিত নারী আসনে দলগুলো জোটগতভাবে নির্বাচন করবে কি না সে বিষয়ক তথ্য নির্বাচন কমিশনকে জানাবে। এরই মধ্যে দলগুলোর কাছ থেকে সে তথ্য নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। রবিবার ৩০ কার্যদিবস শেষ হয়েছে এবং আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

রবিবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ কালের কণ্ঠকে বলেন, সংসদে সংরক্ষিত নারী আসনের তফসিলের ব্যাপারে সোমবার সিদ্ধান্ত হবে। ভোটার তালিকা প্রকাশের ব্যাপারে ৩০ কার্যদিবসের একটি কথা বলা আছে। সেটি যদি হয়, অবশ্যই ৬ এপ্রিল ভোটার তালিকা প্রকাশ করা হবে। যদি সোমবার তফসিল ঘোষণা না হয়, শিগগিরই হয়ে যাবে।

ইসির আজকের সভায় পাঁচটি বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে। এগুলো হচ্ছে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন ও প্রাসঙ্গিক বিষয়াদি; ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত নির্বাচনী সামগ্রী সংরক্ষণ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা প্রদানের বিষয়ে অবহিতকরণ; ৯ এপ্রিলে অনুষ্ঠেয় শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন বিষয়ে অবহিতকরণ; নির্বাচন সংশ্লিষ্ট নির্বাচন-পূর্ববর্তী কতিপয় গুরুত্বপূর্ণ মামলা ও নির্বাচন-পরবর্তী সময়ে দায়েরকৃত নির্বাচনী দরখাস্ত বিষয়ে কমিশনকে অবহিতকরণ এবং নির্বাচনী দায়িত্ব পালনকালে আহত ও নিহতদের ক্ষতিপূরণ বিষয়ে প্রণীত নীতিমালা বিষয়ে কমিশনকে অবহিতকরণ। এ ছাড়া বিবিধ বিষয় নিয়েও সভায় আলোচনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com