রংপুর-৬ পীরগঞ্জ আসনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোট কারচুপির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. সাইফুল ইসলাম। এর আগে তিনি হাজার হাজার কর্মী সমর্থকসহ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসারের কাছে ভোট পুনরায় গণনা ও ঘোষিত ফলাফল স্থগিতের আবেদন করেন।
শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে পীরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, সকল কেন্দ্রের ভোট গণনায় ও প্রদত্ত ফরম-১৬ এর তথ্যের মধ্যে অসামঞ্জস্য লক্ষ্য করা গেছে। বাতিল ভোটের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি/পরিবর্তিত হয়েছে বলে প্রতিয়মান।অনেক ভোট কেন্দ্রেই পোলিং এজেন্টদের কাছে ফলাফল না লিখেই জোরপূর্বক অপূরণকৃত ফরম-১৬তে স্বাক্ষর নেওয়া হয়েছে।
তিনি বলেন, এজেন্টদের উপস্থিতি সত্ত্বেও কিছু কেন্দ্রে সঠিকভাবে ফলাফল উপস্থাপন করা হয়নি বলে অভিযোগ রয়েছে। কেন্দ্র ভিত্তিক ভোটের হিসাব ও ফলাফলের মধ্যে এবং গণভোটের হিসাব ফরম-০৩ এর মধ্যে গরমিল পরিলক্ষিত হয়েছে। সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার কর্তৃক ভোটারগণকে ভোট প্রদানের জন্য গোল অফিসিয়াল সিল সরবরাহ করা হয়েছে যা ভোট গণনার সময় ওই ব্যালট পেপার বাতিল বলে গণ্য করা হয়।
এর আগে শুক্রবার রাত আটটার পর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার ধানের শীষ প্রতীকের কর্মী ও সমর্থক ভোট পুনঃগণনা ও ভোট চোরদের শাস্তির দাবিতে মিছিল স্লোগানসহ উপজেলা চত্ত্বরে সমবেত হতে থাকেন। রাত নয়টায় সেখানে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম কর্মী সমর্থকদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে ভোট পুনঃগণনার দাবি জানান।