এ দেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, তারাই দেশে ধর্মীয় বিভাজন তৈরিতে ব্যস্ত বলে মন্তব্য করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। দলের এই স্থায়ী কমিটির সদস্য গতকাল রোববার দুপুরে চকরিয়ায় পশ্চিম বড় ভেওলা মানিকপাড়ায় তিনি নির্বাচনী পথসভায় বক্তব্য দিচ্ছিলেন।
পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন বিএনপি আয়োজিত সভায় সালাহউদ্দিন আহমেদ বলেন, অন্যান্য দল যারা মাঠে রয়েছে, তাদের কোনো পরিকল্পনা নেই এ দেশের মানুষের জন্য। তারা ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চান। অথচ এ দেশের মানুষ সেটি চান না।
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপি প্রার্থী বলেন, এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে। এ দেশে গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছিল। বিলুপ্ত গণতন্ত্রকে বারবার বিএনপির নেতৃত্বে পুনরুদ্ধার করা হয়েছে।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ছাত্র গণঅভ্যুত্থানে শত শত মানুষ শহীদ হয়েছেন; রাজপথে রক্ত দিয়েছেন। তাদের আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমাণ ও একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার। এই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ও শহীদের আকাঙ্ক্ষা পূরণে দেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তাঁর দলের নেতারা অবাস্তব কিছু বলছেন না– উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই না, আমরা কর্মক্ষম হাতের সৃজন করতে চাই। আমরা ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মের হাত হিসেবে তৈরি করতে চাই।’ এটিকেই তাদের পরিকল্পনা হিসেবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা পরিবেশের জন্য বলছি বৃক্ষরোপণ করব, খাল খনন করব, প্লাস্টিকের দূষণ ও ব্যবহার কমাব। এ নিয়ে বিএনপির অনেক পরিকল্পনা রয়েছে।’ অতীতে দেশে অর্থনৈতিক যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, বিএনপি তা শৃঙ্খলায় ফিরিয়ে আনবে উল্লেখ করে তিনি সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
পথসভায় আরও উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান টিপু মিয়া, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ প্রমুখ।