February 10, 2026, 6:53 am

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা

Reporter Name
  • Update Time : Monday, February 9, 2026
  • 6 Time View

নিজস্ব প্রতিবেদক, মোঃ মাইন উদ্দিন :

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচার প্রচারণা মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে প্রচার কার্যক্রম বন্ধ রাখতে হবে। সে অনুযায়ী গত ২২ জানুয়ারি শুরু হওয়া প্রচার প্রচারণার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটছে মঙ্গলবার সকালে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) সংসদীয় আসনে এবার মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেন— বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম (ধানের শীষ), বাংলাদেশ খেলাফত মজলিস সমর্থিত ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী আতাউল্লাহ আমীন (রিকশা), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ মুসা খান (হাতপাখা), জাতীয় পার্টির প্রার্থী মোঃ আয়ুব হোসেন (লাঙ্গল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী ডা. মোঃ হাবিল মিয়া (কাস্তে), ন্যাশনাল পিপলস্‌ পার্টি—এনপিপির প্রার্থী মোঃ নজরুল ইসলাম (আম), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মোঃ রুবেল হোসেন (মোমবাতি), গণফোরামের প্রার্থী শাফিউদ্দিন আহমেদ (উদীয়মান সূর্য) এবং ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী নাঈমুল হাসান (আপেল)।

ভৈরব ও কুলিয়ারচর—এই দুই উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৬ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৪২টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৭ হাজার ৪০৪ জন। এর মধ্যে ভৈরব উপজেলায় ভোটার ২ লাখ ৫৮ হাজার ১৪৩ জন—পুরুষ ১ লাখ ৩৪ হাজার ৭০৪ জন এবং নারী ১ লাখ ২৩ হাজার ৪৩৯ জন। কুলিয়ারচর উপজেলায় ভোটার রয়েছেন ১ লাখ ৫৯ হাজার ২৬১ জন—পুরুষ ৮০ হাজার ৭৯১ জন এবং নারী ৭৮ হাজার ৪৭০ জন।
শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের প্রত্যাশা ব্যক্ত করেছেন অনেক ভোটার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com