July 2, 2026, 5:23 am

মামুনকে মন্ত্রিসভায় দেখতে চান জামালপুর সদরবাসী

Reporter Name
  • Update Time : Monday, February 16, 2026
  • 115 Time View
145

নিরঙ্কুশ সমর্থন ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয় অর্জনের পর এবার মামুনকে মন্ত্রিসভায় দেখতে চান জামালপুর সদরের সর্বস্তরের মানুষ। এলাকার সাধারণ মানুষ মনে করেন, মামুন মন্ত্রিসভায় স্থান পেলে জাতীয় পর্যায়ে সদরবাসীর প্রতিনিধিত্ব করাসহ জেলার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবেন।

অ্যাডভোকেট শাহ্‌ মো. ওয়ারেছ আলী মামুন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির টানা চারবারের সাধারণ সম্পাদক। ক্লিন ইমেজের কারণে আওয়ামী লীগ সরকারের আমলেও বিএনপির প্রার্থী হিসেবে জামালপুর পৌরসভায় দুইবার মেয়র নির্বাচিত হন মামুন। সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি।

গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে জামালপুর-৫ (সদর) আসন থেকে প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন ওয়ারেছ আলী মামুন। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই জামালপুরে আনন্দ-উচ্ছ্বাসের ঢেউ বয়ে যাচ্ছে। অনেকেই এই বিজয়কে গণমানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও পরিবর্তনের প্রতিফলন হিসেবে মনে করছেন।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন বলেন, ওয়ারেছ আলী মামুন দীর্ঘ ১৭ বছর নিজের নির্বাচনী এলাকা কিংবা জেলার গণ্ডিতে সীমাবদ্ধ থাকেননি। দলের দুঃসময়ে তিনি ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা-উপজেলায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে সক্রিয় ভূমিকা রাখেন। আন্দোলন-সংগ্রামসহ দল পুনর্গঠন এবং নেতাকর্মীদের উজ্জীবিত করতে তাঁর ধারাবাহিক উপস্থিতি তৃণমূল রাজনীতিতে নতুন গতি সঞ্চার করে। তাঁর ভাষ্য, জেলা সদরের সাধারণ মানুষের মুখে এখন একটাই কথা জনপ্রিয় ও মানবিক নেতা ওয়ারেছ আলী মামুনকে মন্ত্রী হিসেবে দেখতে চান তারা। তাদের বিশ্বাস, মন্ত্রী পরিষদে দায়িত্ব পেলে জামালপুর সদরসহ পুরো জেলার উন্নয়নকে আরও গতিশীল করতে সক্ষম হবেন তিনি।

সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান জানান, দীর্ঘ তিন দশক আওয়ামী লীগের দখলে থাকা গুরুত্বপূর্ণ আসনটি পুনরুদ্ধার করে ওয়ারেছ আলী মামুন জেলায় এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে জনমানুষের আস্থার প্রতীক হিসেবে উঠে আসা এই মানবিক নেতাকে এবার মন্ত্রী হিসেবে দেখার প্রত্যাশা করছেন সর্বস্তরের মানুষ।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম বলেন, ওয়ারেছ আলী মামুনের এই বিজয় কেবল একটি নির্বাচনী সাফল্য নয়, এটি জনপ্রিয় নেতার প্রতি মানুষের গভীর আস্থা ও ভবিষ্যৎ স্বপ্নের প্রতিচ্ছবির ইঙ্গিত বহন করে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ সদর আসনে ওয়ারেছ আলী মামুন ১ লাখ ৯৯ হাজার ৩৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২০১ ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com