স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় প্রতীকে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় সংসদ থেকে নির্ধারণ করা হবে। আজ মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রীর কাছে ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক আনুষ্ঠানিক যোগদান করেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করাই সরকারের প্রধান লক্ষ্য। সিটি করপোরেশনের মধ্যে যেটির মেয়াদ আগে শেষ হবে, সেখানে আগে নির্বাচন হবে। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনকে। পর্যায়ক্রমে বাকি সিটি করপোরেশন, পৌরসভাসহ অন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের আয়োজন করবে সরকার।
এর আগে আজ সকালে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে দায়িত্বভার গ্রহণ করেন ছয় সিটি করপোরেশনের প্রশাসক। তারা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আবদুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে শওকত হোসেন।
পরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘যেহেতু এসব পদে আগে সরকারি কর্মকর্তারা দায়িত্বে ছিলেন, আমরা মনে করছি, এখানে (সিটি করপোরেশন) রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণ ভালোভাবে সেবা পাবে। সেই কারণে আমরা রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক নিয়োগ দিয়েছি। জনগণের সঙ্গেও দূরত্ব কমবে।’
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছয় সিটি প্রশাসকের সাক্ষাৎ
সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ছয় সিটির নবনিযুক্ত প্রশাসকরা। মন্ত্রী তাঁর দপ্তরে নবনিযুক্ত ছয় সিটির প্রশাসকদের স্বাগত জানান। সাক্ষাৎকালে প্রশাসকরা সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।
এদিকে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম গতকাল দুপুরে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিকেলে নগর ভবনে পৌঁছলে ডিএসসিসির শীর্ষ কর্মকর্তারা তাঁকে শুভেচ্ছা জানান। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রশাসক বলেন, ‘সেবা প্রদানের মাধ্যমে নগরবাসীর আস্থা অর্জনই হবে আমার প্রধান কাজ। ঢাকা মহানগরীতে সমস্যা অনেক। আমি জনগণের সহযোগী হিসেবে এসব সমস্যা সমাধানে কাজ করতে চাই।’
গত সোমবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ এবং গাজীপুর সিটির করপোরেশনের প্রশাসক পদে বিএনপির ছয় নেতাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।