আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বিশ্বনেতাদের আহ্বান জানিয়েছেন, যেন তারা এমন কোনো পদক্ষেপ না নেন যেটি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের পরিধি আরও বাড়িয়ে দিতে পারে। খবর আল জাজিরার
রবিবার (১৫ মার্চ) ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল বারোটের সাথে এক ফোনালাপে আরাগচি জোর দিয়ে বলেন, অন্যান্য দেশগুলোর উচিত সংঘাতের বিস্তার ঘটাতে পারে এমন কাজ থেকে বিরত থাকা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আরাগচির এই মন্তব্যটি এমন এক সময়ে এল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের তেল সরবরাহ ব্যবস্থা সচল রাখতে অন্যান্য দেশের যুদ্ধজাহাজগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তিনি এই সামরিক সহায়তার ডাক দেন। বর্তমানে ইরানি হামলার হুমকির মুখে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছে, যা বিশ্ববাজারে জ্বালানি সংকটের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে ইরান কূটনৈতিকভাবে অন্যান্য দেশকে সতর্ক করছে যেন তারা যুক্তরাষ্ট্রের এই জোটে শামিল হয়ে সংঘাতকে আরও উসকে না দেয়। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, বহিরাগত হস্তক্ষেপ এই অঞ্চলের অস্থিরতাকে দীর্ঘস্থায়ী করবে। বর্তমানে এই যুদ্ধ এবং হরমুজ প্রণালির অচলাবস্থা নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা কী হবে, তা নিয়ে বিশ্ব রাজনীতিতে গভীর উদ্বেগ বিরাজ করছে।