July 2, 2026, 2:02 pm

পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

Reporter Name
  • Update Time : Tuesday, March 24, 2026
  • 63 Time View
90

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ‘‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’’ লড়াই চলবে বলে ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। মঙ্গলবার ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডের একজন মুখপাত্র এই ঘোষণা দিয়েছেন।

ইরানের সামরিক বাহিনীর খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কর্মকর্তা আলী আবদুল্লাহি আলিয়াবাদির এই মন্তব্য দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়েছে। তিনি বলেছেন, ইরানের অখণ্ডতা রক্ষায় দেশটির শক্তিশালী সশস্ত্র বাহিনী গর্বিত, বিজয়ী এবং অবিচল। পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই পথচলা অব্যাহত থাকবে।”

ইরানি এই জেনারেল ‌‌‘‘পূর্ণাঙ্গ বিজয়’’ বলতে ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যেকোনও আলোচনায় কোনও ধরনের ছাড় দেওয়ার বিষয়ে সতর্ক করতেই ইরানি সামরিক বাহিনীর অবস্থানের বিষয়ে তিনি ধারণা দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

এদিকে, যুদ্ধের ২৫তম দিনেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। অন্যদিকে, ইসরায়েলও ইরানের ক্ষমতাসীন সরকারের বিভিন্ন স্থাপনা ও সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। ইরানি সংবাদমাধ্যম বলছে, মঙ্গলবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের দুটি গ্যাস স্থাপনা এবং একটি পাইপলাইন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মাত্র কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি থেকে ৫ দিনের বিরতি ঘোষণা করেছিলেন।

সোমবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে আলোচনা খুব ভালোভাবেই চলছে। তবে ইরানি সংবাদমাধ্যম বলছে, যুদ্ধ বন্ধের লক্ষ্যে বর্তমানে কোনও আলোচনা চলছে না। ট্রাম্পের দাবি অস্বীকার করেছেন ইরানের শীর্ষ কর্মকর্তারাও।

সংঘাত নিরসনে পাকিস্তান মধ্যস্থতা করতে প্রস্তুত বলে জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আনদ্রাবি আল-জাজিরাকে বলেছেন, যদি সংশ্লিষ্ট সব পক্ষ চায়, তাহলে ইসলামাবাদ সব সময়ই আলোচনার আয়োজন করতে ইচ্ছুক।

ইতোমধ্যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন। আগামী কয়েক দিনের মধ্যে ইসলামাবাদে দুই দেশের আলোচকরা বৈঠকে বসতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা, এএফপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com