যুক্তরাষ্ট্রকে আল্টিমেটাম ও হুমকির ভাষা পরিত্যাগ করে আলোচনার পথে ফেরার আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোন আলাপে এই মন্তব্য করেন। আলাপে রুশ প্রতিরক্ষামন্ত্রী চলমান সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেছেন।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, টেলিফোন আলাপে সের্গেই লাভরভ আশা প্রকাশ করেন, যুদ্ধ পরিস্থিতি প্রশমনে চলমান প্রচেষ্টা ফল দেবে। একই সঙ্গে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে—তবে তার জন্য ওয়াশিংটনকে ‘আল্টিমেটামের ভাষা পরিত্যাগ করে আলোচনার পথে ফিরতে হবে’।
মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, উভয় পক্ষকে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানানো হয়েছে যা বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের অবশিষ্ট সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে।
রাশিয়া মনে করছে, বর্তমান সংকট নিরসনের একমাত্র কার্যকর পথ হলো কূটনৈতিক সংলাপ এবং উত্তেজনা প্রশমনের উদ্যোগ।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালি খুলে দিতে নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন। প্রণালি না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতু ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। এই প্রেক্ষাপটেই রাশিয়ার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে আল্টিমেটামের ভাষা পরিহারের আহ্বান জানানো হলো।