রাশিয়া বিশ্বকাপে ভরাডুবির পর আর্জেন্টিনার ডাগ আউটে দাঁড়ান লিওনেল স্কালোনি। ৮ সেপ্টেম্বর ২০১৮; তাকে অস্থায়ী দায়িত্ব দিয়েছিল দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। ফুটবল ক্যারিারে বড় কোন তারকা ছিলেন না, কোচিংয়ের তেমন অভিজ্ঞতা নেই, শীর্ষ পর্যায়ের ফুটবলে প্রমাণিত নন। ব্রাজিলে শিরোপা হারানো, রাশিয়ায় ভরাডুবির পর স্কালোনির মতো কোচের অধীনে লিওনেল মেসি খেলবেন কিনা অনিশ্চয়তা ছিল।
মেসিকে আশ্বস্ত করেছিলেন স্কালোনি। একটা সুযোগ চেয়েছিলেন শিষ্য মেসিরই কাছে। সেই স্কালোনি কাতার বিশ্বকাপ জিতিয়েছেন মেসিদের। আর্জেন্টিনার ডাগ আউটে প্রায় ৮ বছর দায়িত্ব পালন করতে চলেছেন। এই পথচলা কেপ ভার্দের বিপক্ষে শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টার ম্যাচে পূর্ণতা পাবে। ১০০ ম্যাচে আর্জেন্টিনার ডাগ আউটে দাঁড়ানোর কীর্তি গড়বেন তিনি।
এই কীর্তির পথে স্কালোনি এরই মধ্যে সিজার লুইস মেনোত্তি, কার্লোস বিলার্ডো, আলফিয়ো বাসিলে ও মার্সেলো বিয়েলসার আর্জেন্টিনার ডাগ আউটে দাঁড়ানোর রেকর্ড ভেঙেছেন। আলবিসেলেস্তেদের কোচ হিসেবে দ্বিতীয় সর্বাধিক ম্যাচ পরিচালনার কীর্তি গড়েছেন। এখন তার সামনে শততম ম্যাচে দল পরিচালনার কীর্তি ছুঁয়ে সর্বাধিক ম্যাচে আর্জেন্টিনার কোচ হওয়ার চ্যালেঞ্জ।
আর্জেন্টিনার ডাগ আউটে সর্বাধিক ১২৪ ম্যাচ দাঁড়ানোর রেকর্ড গুইলারমো স্তাবিলের দখলে। তিনি দুই মেয়াদে ২০ বছর আর্জেন্টিনার কোচের দায়িত্ব পালন করেছেন। স্তাবিলে ১৯৪১ থেকে ১৯৬১ পর্যন্ত ২০ বছর আলবিসেলেস্তেদের কোচের দায়িত্ব পালন করেছেন।
আর্জেন্টিনার সংবাদ মাধ্যম দাবি করেছে, স্কালোনি বিশ্বকাপে আসার আগেই ২০৩০ সাল পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকতে সম্মত হয়েছেন। তিনি যদি এই মেয়াদে বেশিদিন দায়িত্ব চালিয়ে নাও যান, ভবিষ্যতে পুনরায় তার আকাশি-সাদা জার্সিধারীদের কোচ হওয়ার জোর সম্ভাবনা থেকেই যাচ্ছে। যার অর্থ আজ হোক কিংবা কাল আর্জেন্টিনার সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনাকারী কোচ হওয়ার সুযোগ স্কালোনির সামনে থেকেই যাচ্ছে।