August 26, 2026, 4:21 am
সর্বশেষ সংবাদ:

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

Reporter Name
  • Update Time : Friday, July 3, 2026
  • 153 Time View

জুন মাসে গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ এবং সাম্প্রতিক লোডশেডিং পরিস্থিতি নিয়ে বিদ্যুৎ বিভাগের মতবিনিময় ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় অভিযোগগুলো দ্রুত তদন্ত করে সমাধান এবং গ্রাহকসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, সারাদেশের জেলা প্রশাসক (ডিসি) এবং বিভিন্ন বিদ্যুৎ বিতরণী সংস্থা ও কোম্পানির কর্মকর্তারা অংশ নেন।

সভায় অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগের কারণ অনুসন্ধান, লোডশেডিং নিয়ে মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং সৌরবিদ্যুৎ ব্যবস্থায় নেট মিটার স্থাপনের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, জুন মাসে দেশের বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্যসংখ্যক গ্রাহক অতিরিক্ত বিদ্যুৎ বিল পেয়েছেন বলে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ উঠে এসেছে। এ বিষয়ে বিতরণী কোম্পানিগুলোর প্রধানদের মতামত ও ব্যাখ্যা জানতে চাওয়া হয়।

বিদ্যুৎ সচিব জেলা প্রশাসকদের কাছে এ ধরনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তারা উল্লেখযোগ্য কোনো অভিযোগ পাননি বলে জানান। তবে গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য বিতরণ সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে সভায় জানান সচিব।

তিনি বলেন, বিল প্রণয়নে কোনো করণিক বা কারিগরি ভুল হয়ে থাকলে তা দ্রুত সংশোধন করতে হবে। পাশাপাশি কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অসদুপায় অবলম্বনের অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তির জন্য গ্রাহকদের সংশ্লিষ্ট বিতরণ সংস্থার সঙ্গে সরাসরি বা হটলাইনের মাধ্যমে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা হটলাইন ১৬৯৯৯ ছাড়াও বিপিডিবি (১৬২০০), পল্লী বিদ্যুৎ (১৬৮৯৯), বিপিডিসি (১৬১১৬), ডেসকো (১৬১২০), নেসকো (১৬৬০৩) এবং ওজোপাডিকো (১৬১১৭) নম্বরে অভিযোগ জানানো যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com