আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ার মাধ্যমে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে সরকারের মোট ব্যয় হবে ১ হাজার ৮৫০ কোটি ৭৭ লাখ টাকার বেশি।
সোমবার (১৭ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এলএনজি কেনার এই প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। সভা শেষে অনুষ্ঠিত বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট বিধি অনুসরণ করে সরাসরি আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে এই এলএনজি কেনা হচ্ছে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড’ থেকে একটি কার্গো এলএনজি কেনা হবে।
আগামী ২৩ থেকে ২৪ আগস্টের মধ্যে এই এলএনজি দেশে পৌঁছানোর কথা রয়েছে। এই কার্গোতে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম ধরা হয়েছে ২১ দশমিক ৮৭৮ মার্কিন ডলার। অগ্রিম আয়করসহ (এআইটি) এই কার্গোটি কিনতে সরকারের খরচ হবে প্রায় ৯২৭ কোটি ৫১ লাখ টাকা।
অন্যদিকে, ৪ থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে দেশে পৌঁছাবে দ্বিতীয় কার্গোটি।
এর প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৭৭৮ মার্কিন ডলার। এআইটিসহ এই কার্গো ক্রয়ে মোট ব্যয় হবে প্রায় ৯২৩ কোটি ২৭ লাখ টাকা। সব মিলিয়ে দুই কার্গো এলএনজি আমদানিতে সরকারের মোট খরচ দাঁড়াবে ১ হাজার ৮৫০ কোটি ৭৭ লাখ ২৭ হাজার ২০৪ টাকা।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবে ২৩-২৪ আগস্টের জন্য ৪০তম, ২৬-২৭ আগস্টের জন্য ৪১তম, ২৯-৩০ আগস্টের জন্য ৪৩তম, ১-২ সেপ্টেম্বরের জন্য ৪৪তম এবং ৪-৫ সেপ্টেম্বরের জন্য ৪৫তম মোট পাঁচ কার্গো এলএনজি কেনার বিষয়টি উপস্থাপন করা হয়েছিল। এর মধ্যে দুই কার্গো কেনার বিষয়ে অনুমোদনের সুপারিশ করেছে কমিটি।