চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা শিল্পকে টিকিয়ে রাখার পাশাপাশি শ্রমিকদের শতভাগ কর্মনিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। রোববার ভাটিয়ারীর একটি শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, এই শিল্পের সঙ্গে প্রায় আড়াই লাখ মানুষের জীবিকা জড়িত, তাই কোনোভাবেই শ্রমিকদের জীবন ঝুঁকির মুখে ফেলা যাবে না। ভবিষ্যতে ‘শূন্য প্রাণহানি’ বা ‘জিরো ক্যাজুয়ালটি’ নীতি বাস্তবায়নে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণের বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
গত ১৪ আগস্ট সীতাকুণ্ডে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের কবলে পড়ে ১০ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আয়োজিত ক্ষতিপূরণ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন জেলা প্রশাসক। এ সময় নিহতদের প্রতিটি পরিবারকে ইয়ার্ড কর্তৃপক্ষ ও বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইকেলার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) পক্ষ থেকে ১০ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। জেলা প্রশাসক আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত বিশেষজ্ঞ কমিটি কাজ করছে এবং প্রতিবেদন পাওয়ার পর যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।