জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে দুই সপ্তাহব্যাপী কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে উত্তর আমেরিকা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো এবং নিউইয়র্কে তাঁর অবস্থানকালে বিভিন্ন কর্মসূচি পালনের লক্ষ্যে এসব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আজ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক যৌথ ভার্চুয়াল সভায় কর্মসূচি নিয়ে আলোচনা হয়। সভায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোচনা এবং নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও উত্তর আমেরিকা সমন্বয়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমদ ও মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন।
এ ছাড়া নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলি উল্লাহ আতিকুর রহমান, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ এবং নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম সভায় বক্তব্য দেন।
সভায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি আবু সাইদ আহমদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মকসুদ চৌধুরী, কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন, খোরশেদ আলম, যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সায়েম ও সদস্যসচিব মোহাম্মদ জাহাঙ্গীর সরোয়ার্দ এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বাবর উদ্দিনসহ আরও অনেকে বক্তব্য দেন।
সভায় সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রী যতদিন নিউইয়র্কে অবস্থান করবেন, ততদিন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি নিয়ে সক্রিয় থাকবেন। এর অংশ হিসেবে আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ ভবনের সামনে বৃহৎ শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমাবেশে ব্যাপক লোকসমাগম নিশ্চিত করতে নিউইয়র্কের বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনসংযোগ চালাবেন। এ জন্য বিভিন্ন এলাকার দায়িত্ব নেতাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।
দলীয় সূত্রের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাবেন। ২৪ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। পরদিন ২৫ সেপ্টেম্বর একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতাদের পাশাপাশি উত্তর আমেরিকার বিভিন্ন সংগঠনের জ্যেষ্ঠ নেতা এবং অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের নিয়ে গত ২৩ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত মোট ১১টি সভা হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক অবস্থানের পুরো সময়জুড়ে স্বাগত কর্মসূচি, শান্তি সমাবেশ, জনসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
সভায় আগামী ৩০ আগস্ট উত্তর আমেরিকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে সফরকেন্দ্রিক চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।