November 20, 2026, 5:38 am

সম্মিলিত ইসলামী ব্যাংকে বিনিয়োগ প্রস্তাব সৌদিকে

Reporter Name
  • Update Time : Friday, November 20, 2026
  • 17 Time View

অর্থনীতি ডেস্ক: দেশের ব্যাংক খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে সৌদি আরবকে কৌশলগত অংশীদার হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ব্যাংকটির মূলধন শক্তিশালী করা, খেলাপি ঋণ আদায়, তারল্য পরিস্থিতির উন্নতি এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে একটি শক্তিশালী আন্তর্জাতিক অংশীদার আনার উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, এই লক্ষ্য অর্জনে সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রণালয় এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ ও আলোচনা জোরদার করা হচ্ছে।

সৌদি আরবের সম্ভাব্য এই বিনিয়োগের বিষয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ব্যাংকটিতে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাইয়ে সৌদি আরব ইতোমধ্যে প্রাথমিক মূল্যায়ন সম্পন্ন করেছে বলে জানানো হয়। বাংলাদেশের বাজারের আকার, ইসলামি ব্যাংকিং খাতের প্রবৃদ্ধি এবং সরকারের সহযোগিতাকে ইতিবাচক হিসেবে দেখছে দেশটি। তবে একই সঙ্গে স্থানান্তরিত সম্পদের মান, খেলাপি ঋণ, মূলধন ঘাটতি এবং করপোরেট সুশাসন নিয়ে কিছু ঝুঁকিও চিহ্নিত করেছে সৌদি কর্তৃপক্ষ।

বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার প্রক্রিয়া এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সৌদি আরব থেকে বিনিয়োগ আনার বিষয়ে সার্বিক উদ্যোগ গ্রহণ করবে। এছাড়া সভায় ব্যাংকটির সম্পদ ও দায়, খেলাপি ঋণের বিপরীতে সংরক্ষিত প্রভিশন, মূলধন পর্যাপ্ততা এবং প্রকৃত আর্থিক মূল্যায়ন পর্যালোচনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বিনিয়োগের পরিমাণ, শেয়ার মালিকানার কাঠামো এবং সরকারের বিনিয়োগ করা মূলধনের স্বার্থ সুরক্ষার বিষয়টিও আলোচনায় স্থান পায়।

উল্লেখ্য, বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির কারণে আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়া কয়েকটি ব্যাংক একীভূত করে সরকারি মালিকানায় সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। গত বছর যাত্রা শুরু করা এই ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার বড় একটি অংশ জুগিয়েছে সরকার। ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের সহযোগিতায় প্রতিষ্ঠানটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং বিদেশি বিনিয়োগ যুক্ত হলে এর সামগ্রিক কার্যক্রমে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com