November 23, 2026, 11:53 am

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

Reporter Name
  • Update Time : Monday, November 23, 2026
  • 6 Time View

অর্থনীতি ডেস্ক: নানা ধরনের নীতিগত সহায়তা দেওয়া সত্ত্বেও দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণের ঊর্ধ্বমুখী প্রবণতা রোধ করা সম্ভব হচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত সেপ্টেম্বরভিত্তিক হালনাগাদ প্রতিবেদনে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আলোচিত প্রান্তিকে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্টদের মতে, ব্যাংকিং খাতের সার্বিক স্থিতিশীলতার জন্য এই বিপুল পরিমাণ খেলাপি ঋণ একটি বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ প্রায় ২১ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে গত সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের পরিমাণ গিয়ে ঠেকেছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকায়। এই অঙ্কটি বর্তমানে ব্যাংকগুলো থেকে বিতরণ করা মোট ঋণের প্রায় ৩৪ শতাংশের কাছাকাছি। এর আগে গত জুন প্রান্তিক শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩২ শতাংশের বেশি ছিল।

এই পরিস্থিতির পেছনে বেশ কিছু বাস্তব কারণ রয়েছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্ট ব্যাংকাররা। তাদের মতে, সাম্প্রতিক সময়ে ব্যবসায়িক পরিস্থিতির অবনতি, চড়া সুদের হার, মার্কিন ডলারের মূল্যবৃদ্ধি এবং জ্বালানি সংকটের কারণে অনেক প্রতিষ্ঠান সময়মতো ঋণ পরিশোধ করতে ব্যর্থ হচ্ছে। এ ছাড়া বিগত দিনে ঘটে যাওয়া বিভিন্ন অনিয়ম এবং প্রভাবশালী ঋণখেলাপিদের কাছ থেকে কার্যকরভাবে অর্থ আদায় করতে না পারার কারণেও এই সংকট দীর্ঘায়িত হচ্ছে। ফলে ব্যাংকিং খাতের ওপর চাপ দিন দিন আরও বেশি ঘনীভূত হচ্ছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতের মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে বেসরকারি ব্যাংকগুলোতে, যার পরিমাণ দাঁড়াল ৪ লাখ ৫৫ হাজার ৪৭৩ কোটি টাকা বা প্রায় ৩২ শতাংশ। অন্যদিকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা, যা তাদের মোট বিতরণ করা ঋণের প্রায় ৪৭ শতাংশ। এ ছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার প্রায় ৪০ শতাংশ এবং বিদেশি ব্যাংকগুলোতে এই হার প্রায় ৬ শতাংশ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com