বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে উদ্দেশ্য করে একটি আবেগঘন ও সমালোচনামূলক ফেসবুক পোস্ট করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান। জুলাই গণঅভ্যুত্থান এবং পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে মাশরাফির নীরবতা ও অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্টটি বর্তমানে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে রাশেদ খান তার পোস্টে উল্লেখ করেন যে, প্রিয় Mashrafe Bin Mortaza আমরা তো আপনাকে আমাদেরই প্রতিনিধি মনে করতাম। আপনার পায়ে অনেক আঘাত নিয়ে আপনি খেলেছেন। তখন মনে হতো দেশকে জেতাতে আমিই খেলছি, আমিই বাংলাদেশ, আমি মাশরাফি। কিন্তু বিশ্বাস করেন, আপনার ও সাকিব ভাইয়ের নৈতিক পরাজয়ের পরে ক্রিকেট খেলার প্রতিই আসক্তি হারিয়েছি! আপনি আওয়ামীলীগের হয়ে ভোট করেছেন, এমপি হয়েছেন, আচ্ছা মেনে নিলাম, নিজের এলাকার মানুষের উন্নয়ন করার জন্য আপনি এমপি হয়েছিলেন! কিন্তু আপনি কি এমপি মন্ত্রীর থেকে কম ছিলেন? ঐ জায়গায় থেকেই তো আপনি অনেক উন্নয়ন করতে পারতেন। আপনি যেমন আক্ষেপ নিয়ে বলছেন, আমি মারা গেলে আমার লাশটা নড়াইল আনিও না। ঠিক আমাদেরও আক্ষেপ, লাশের পর লাশ ফেলিয়েছে শেখ হাসিনা। কিন্তু আপনি একবারের জন্য বলেন নি, এই হত্যা বন্ধ করেন। আপনার বাড়ি ভেঙেছে নড়াইলের কিছু মানুষ, কিন্তু আপনি আঠারো কোটি মানুষের মন ভেঙেছেন। যাইহোক, এখনো কিন্তু আপনি আওয়ামীলীগের সাথে আছেন নাকি নিজের ভুলের জন্য অনুতপ্ত সেটি ক্লিয়ার করছেন না। আপনি কি জুলাই গণঅভ্যুত্থান স্বীকার করেন, নাকি করেন না, কোনকিছুই স্পষ্ট করছেন না। আমরা তো আপনাকে ফাঁসি দিবো না। কিন্তু আপনাকে তো বলতে হবে, ‘আমি ভুল ছিলাম। জনগণের সাথে থেকে মরতে চাই!’ আপনি ভুল স্বীকার করে ক্ষমা চান, আপনার মৃত্যুর পর আপনার লাশ আমরা কাঁধে করে নড়াইল নিয়ে গিয়ে দাফন দিবো, প্রিয় মাশরাফি!