লা লিগা জয়ের পর ছাদখোলা বাসে বার্সেলোনার চ্যাম্পিয়নস প্যারেডের সময় দলটির তারকা ফুটবলার লামিনে ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যায়। এই দৃশ্য বিশ্বজুড়ে ফুটবলভক্তদের প্রশংসা কুড়ালেও বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্প্যানিশ ভাষায় দেওয়া এক পোস্টে ইয়ামালের বিরুদ্ধে ইসরায়েল ও ইহুদিদের প্রতি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তোলেন। একই সঙ্গে তিনি বার্সেলোনাকে এই ঘটনার দায় থেকে নিজেদের দূরে রাখার আহ্বান জানান।
তিনি লেখেন, লামিনে ইয়ামাল ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা উসকে দিয়েছেন, যখন ইসরায়েল সেনারা হামাসের মতো একটি সংগঠনের বিরুদ্ধে লড়ছে। তার দাবি অনুযায়ী, ৭ অক্টোবরের হামলায় ইহুদি শিশু, নারী ও বৃদ্ধদের ওপর নৃশংসতা চালানো হয়েছে।
তবে ফিলিস্তিনের পতাকা প্রদর্শন ছাড়া ইয়ামাল আর কীভাবে ঘৃণা উসকে দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি ইসরায়েলি মন্ত্রী।
তিনি আরও বলেন, এমন বার্তাকে সমর্থন করা ঠিক কি না, তা নিয়ে সবাইকে নিজের কাছে প্রশ্ন করা উচিত। ইসরায়েল ও ইহুদিদের বিরুদ্ধে উসকানির মুখে তিনি নীরব থাকবেন না বলেও জানান।
এদিকে ইসরায়েলি মন্ত্রীর মন্তব্যের কড়া জবাব দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, একটি রাষ্ট্রের পতাকা ওড়ানোকে যারা ঘৃণা উসকে দেওয়া হিসেবে দেখেন, তারা হয় বাস্তবতা থেকে বিচ্ছিন্ন, নয়তো নিজের দৃষ্টিভঙ্গিতে অন্ধ হয়ে আছেন।
তিনি বলেন, ইয়ামাল ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছেন, যা বহু স্প্যানিশ নাগরিকের অনুভূতির প্রতিফলন। তার মতে, এটি গর্ব করার মতো একটি বিষয়।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর গাজায় যুদ্ধ শুরু হয়। ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন।
অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানানো হয়েছে, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে।
এই প্রেক্ষাপটে ইয়ামালের ফিলিস্তিন পতাকা প্রদর্শনকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক ও মতবিরোধ তৈরি হয়েছে।