July 2, 2026, 3:34 am

ইরানে নতুন সর্বোচ্চ নেতার নিয়োগকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : Wednesday, March 11, 2026
  • 84 Time View
94

ইরানে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা করেছে।

বুধবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ইরানের জনগণ তাদের সর্বোচ্চ নেতা নির্বাচনের যে সিদ্ধান্ত নিয়েছে, পিয়ংইয়ং তা সম্মান করে।

তিনি বলেন, “ইরানের বিশেষজ্ঞ পরিষদ সম্প্রতি নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের যে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে, সে বিষয়ে আমরা ইরানি জনগণের অধিকার ও সিদ্ধান্তকে সম্মান জানাই।”

মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে সামরিক হামলা চালিয়েছে তা অবৈধ এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করছে। এই আগ্রাসন আন্তর্জাতিক অঙ্গনে অস্থিতিশীলতা বাড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তার মতে, একটি দেশের রাজনৈতিক ব্যবস্থা ও ভৌগোলিক অখণ্ডতার ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের পদক্ষেপকে পুরো বিশ্বের নিন্দা ও প্রত্যাখ্যান করা উচিত।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়।

এদিকে কেসিএনএ আরও জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের নতুন ও বৃহত্তম নৌবাহিনীর ডেস্ট্রয়ার ‘চোয়ে হিয়ন’ থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের আরেকটি পরীক্ষামূলক উৎক্ষেপণ তদারকি করেছেন।

এ সময় কিম জং উন বলেন, শক্তিশালী ও নির্ভরযোগ্য পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা বজায় রাখা এবং তা আরও সম্প্রসারণ করা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত দায়িত্ব।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধ করার চেষ্টা চালিয়ে আসছে। তবে পিয়ংইয়ং দাবি করে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা প্রতিরোধের জন্যই তাদের এই পারমাণবিক সক্ষমতা প্রয়োজন।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন আবারও উত্তর কোরিয়ার সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা পুনরুজ্জীবিত করার আগ্রহ দেখিয়েছে। অন্যদিকে কিম জং উনও ইঙ্গিত দিয়েছেন, ওয়াশিংটন যদি উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নত হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com