November 18, 2026, 10:47 am

ইসরাইলের স্পিকার হলেন নেতানিয়াহুর বিরোধী শিবিরের কাহানা

Reporter Name
  • Update Time : Wednesday, November 18, 2026
  • 3 Time View

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের পার্লামেন্ট নেসেটে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন মাতান কাহানা। সম্প্রতি অনুষ্ঠিত ভোটাভুটিতে ১২০ সদস্যের এই আইনসভায় ৬৬ ভোট পেয়ে তিনি বিজয়ী হন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী এবং সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির প্রার্থী অফির কাটজ পান ৫২ ভোট। নতুন দায়িত্ব গ্রহণের পর মাতান কাহানা ঘোষণা দিয়েছেন যে তিনি কোনো ভেদাভেদ না রেখে বর্ণ, ধর্ম ও লিঙ্গনির্বিশেষে সমাজের প্রতিটি মানুষের স্বার্থ রক্ষায় কাজ করবেন। বিগত দীর্ঘদিন ধরে স্পিকারের দায়িত্বে থাকা নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র আমির ওহানার স্থলাভিষিক্ত হলেন ৫৪ বছর বয়সি সাবেক এই বিশেষ বাহিনীর সদস্য। এর আগে ২০২১ থেকে ২০২২ সাল মেয়াদে নেতানিয়াহুবিরোধী জোট সরকারের ধর্মীয় সেবাবিষয়ক মন্ত্রীর দায়িত্বও সফলভাবে পালন করেছিলেন তিনি।

<প্লে>রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাতান কাহানার এই বিজয় বর্তমান সরকারের অভ্যন্তরীণ নীতিতে বড় ধরনের পরিবর্তনের পথ উন্মুক্ত করতে পারে। বিশেষ করে বিগত সময়ে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করার লক্ষ্যে যে বিতর্কিত আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছিল, তা বাতিলে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। নেসেটের স্পিকার হিসেবে আইন প্রণয়নের আলোচনা পরিচালনা এবং ভোটাভুটির সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে ব্যাপক ক্ষমতার অধিকারী হওয়ায় তার এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গাদি আইজেনকোটের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত কাহানার এই জয়কে নেতানিয়াহু বিরোধীদের জন্য একটি বড় কৌশলগত সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

এদিকে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন রাজনৈতিক জোট বর্তমানে দেশটিতে নতুন সরকার গঠনের জন্য জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সংসদ নির্বাচনে গাদি আইজেনকোটের জোট ৪৮টি এবং বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫৩টি আসনে জয়লাভ করে। এছাড়া আরব-অধ্যুষিত দুটি দল নির্বাচনে মোট ১৯টি আসন অর্জন করায় তাদের সমর্থন নতুন সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা পালন করবে। এই প্রেক্ষাপটে বিরোধীদের পক্ষে পার্লামেন্টের শীর্ষ পদে জয় পাওয়া সরকার গঠনের দৌড়ে তাদের অবস্থানকে আরও বেশি শক্তিশারী করেছে।

নতুন সরকার গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে গাদি আইজেনকোট বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে আসছেন। তিনি বিচার বিভাগীয় সংস্কারের বিতর্কিত উদ্যোগগুলো পুরোপুরি বাতিল করার পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পেছনের নিরাপত্তা ব্যর্থতা খতিয়ে দেখতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন। তবে এর বিপরীতে বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে এই তদন্ত কমিশন গঠনের পক্ষে নিজেদের অবস্থান বজায় রেখেছেন। এই দুই পক্ষের মতপার্থক্যের মধ্যেই পার্লামেন্টে স্পিকার পদে বিরোধীদের জয় দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপ্রকৃতি নির্ধারণে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com