আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অবৈধ কাউন্টার উচ্ছেদের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।
তিনি বলেছেন, সায়দাবাদ–যাত্রাবাড়িসহ যেসব স্থানে অবৈধ বাস কাউন্টার থাকবে সেগুলো অভিযান চালিয়ে উচ্ছেদ করা হবে।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মঙ্গলবার নগরভবনে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় ডিএসসিসির শীর্ষ কর্মকর্তারা ছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা সড়ক পরিবহন বাস মালিক সমিতি, সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতি ও সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল পরিবহন শ্রমিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা থেকে প্রশাসক আব্দুস সালাম যাত্রীদের সুবিধার্থে টার্মিনালে নতুন তথ্য কেন্দ্র এবং মাতৃদুগ্ধ পান করানোর কক্ষ স্থাপন করা হবে জানান। এছাড়া কেউ অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কোনো যানবাহন রাস্তার ভেতরে দাঁড়িয়ে যানজট সৃষ্টি করলে সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হবার আহ্বান জানান।
তিনি বলেন, ‘ইদ যাত্রাকে নির্বিঘ্ন করতে ও দীর্ঘমেয়াদী যানজট নিরসনে সিটি কর্পোরেশন, পুলিশ, বাস মালিক ও শ্রমিকরা আমরা একসাথে কাজ করবো। যাত্রীদেরকে স্বস্তি দেওয়ার জন্য সমন্বিত সিদ্ধান্তসমূহ যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে।’
এছাড়া বিকেলে ডিএসসিসি পরিচালনা কমিটির দ্বাদশ কর্পোরেশন সভা নগর ভবনে অনুষ্ঠিত হয়।