February 23, 2026, 5:42 am

এমপির গাড়িবহরের ধাক্কায় শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : Monday, February 23, 2026
  • 27 Time View

কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত গাড়ি ও এর যাত্রীদের ওপর হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকালে কুতুবদিয়া থেকে মহেশখালী ফেরার পথে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, বহরের সর্বশেষ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পথচারী শিশুকে চাপা দেয়।

নিহত শিশুর নাম মোহাম্মদ ওয়াদিল (৭)। সে ওই এলাকার প্রবাসী আমান উল্লাহর ছেলে। স্থানীয় একটি নুরানি মাদ্রাসার দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল ওয়াদিল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বহরে থাকা মহেশখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান জুয়েল জানান, এমপিকে বহনকারী গাড়িটি সামনে ছিল। আহমদ কবিরের ঘাটা অতিক্রম করার পর খবর আসে, পেছনের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে এবং এক শিশু আহত হয়েছে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

একই গাড়িতে থাকা সাংবাদিক ফারুক ইকবাল বলেন, খবর পেয়ে এমপি ঘটনাস্থলে পৌঁছান। এ সময় উত্তেজিত জনতা দুর্ঘটনাকবলিত গাড়ি ও যাত্রীদের ওপর হামলা চালায়। নিরাপত্তাজনিত কারণে এমপিকে গাড়ি থেকে নামতে দেওয়া হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয়দের সহায়তায় এমপির গাড়ি সেতুর ওপারে সরিয়ে নেওয়া হয়।

মহেশখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, এমপির ব্যক্তিগত গাড়ি নয়, বহরের একটি গাড়ির ধাক্কায় শিশুটির মৃত্যু হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘাতক গাড়ির চালক পলাতক রয়েছেন এবং গাড়িটি বদরখালীতে রয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এমপি আলমগীর ফরিদ। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শান্ত থাকার আহ্বান জানান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com