২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। এই যাত্রায় চট্টগ্রাম বন্দরকে অন্যতম প্রধান সহযোগী হিসেবে চিহ্নিত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার পতেঙ্গায় লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি জানান, ব্যবসা প্রসারে সরকার নীতিগত সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ। ডেনমার্কের এপি মোলার-মায়েরস্কের অঙ্গপ্রতিষ্ঠান এপিএম টার্মিনালস এই প্রকল্পে ৭৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে, যা বাংলাদেশে ইউরোপীয় একক বিনিয়োগের নতুন রেকর্ড।
প্রকল্পটির আওতায় প্রায় ৪৯ একর জমিতে আধুনিক সব সুযোগ-সুবিধা সংবলিত এই টার্মিনালটি নির্মিত হচ্ছে। আগামী তিন বছরে এর নির্মাণকাজ শেষ হওয়ার পর এটি বছরে প্রায় ৯ লাখ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করতে সক্ষম হবে। অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন গ্যান্ট্রি ক্রেন এবং বড় জাহাজ ভেড়ানোর সক্ষমতা থাকায় এই টার্মিনাল দেশের সমুদ্র বাণিজ্যে আমূল পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। ৩০ বছর মেয়াদী এই প্রকল্পে কিউএনএস কনটেইনার সার্ভিসেস লিমিটেড স্থানীয় সহযোগী হিসেবে কাজ করছে।