November 2, 2026, 5:20 am

পাস করলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনিশ্চয়তা

Reporter Name
  • Update Time : Monday, November 2, 2026
  • 19 Time View

শিক্ষা ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেলেও ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছেন। সম্প্রতি প্রকাশিত ফলাফলে দেখা গেছে যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী কয়েকটি বিষয়ে উত্তীর্ণ হতে পারেননি। এই শিক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সম্পূরক পরীক্ষার ব্যবস্থা করা হলেও এর ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বরের দিকে। অথচ দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই সময়ের অনেক আগেই ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। ফলে সম্পূরক পরীক্ষায় পাস করা সত্ত্বেও এই শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে ফলাফল হাতে না পাওয়ায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে।

ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন ও পরীক্ষার সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। প্রকাশিত সূচি অনুযায়ী, এই বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ২৫ নভেম্বর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৭ নভেম্বরের মধ্যে প্রাথমিক আবেদন সম্পন্ন করতে হবে। অথচ এই সময়ের বেশ কিছুদিন পর সম্পূরক পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার কথা রয়েছে। ফলে আবেদন করার নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ফলাফল প্রকাশ হওয়ায় শিক্ষার্থীরা কোনোভাবেই নির্ধারিত শর্ত পূরণ করে আবেদন করার সুযোগ পাবেন না।

বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় নির্দিষ্ট জিপিএ অর্জনের পাশাপাশি অন্য প্রাতিষ্ঠানিক শর্ত পূরণ করা বাধ্যতামূলক। কিন্তু এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্ত সনদ বা নম্বরপত্র না পাওয়া পর্যন্ত কাঙ্ক্ষিত শিক্ষাগত যোগ্যতা প্রদর্শন করতে পারছেন না। ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে পর্যায়ক্রমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিছু বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করা হলেও এখনো আবেদন শুরু হয়নি, আবার কিছু প্রতিষ্ঠান এখনো পুরো সূচি প্রকাশ করেনি। ফলে যেসকল শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল প্রকাশের আগেই আবেদন শেষ হয়ে যাচ্ছে, সেখানে এই শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন একপ্রকার থমকে যাওয়ার উপক্রম হয়েছে।

সার a সার্বিক পরিস্থিতিতে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হারাতে বসা এসব শিক্ষার্থী চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষ করে যারা নিয়মিত পড়াশোনা ও বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তুতি চালিয়ে যাচ্ছিলেন, তাদের জন্য এই জটিলতা বড় ধাক্কা হয়ে এসেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন যে শিক্ষা মন্ত্রণালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে এখনো সুনির্দিষ্ট কোনো নির্দেশনা তাদের হাতে এসে পৌঁছায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য শিক্ষা অধ্যাপক আবদুস সালাম জানিয়েছেন যে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে ঘোষণা এলেও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখনো প্রাতিষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য শিক্ষা অধ্যাপক আল-আমিন জানিয়েছেন বিষয়টি নতুন হওয়ায় প্রচলিত নিয়মের সঙ্গে সমন্বয় করতে ভর্তি কমিটির সভায় আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com