নতুন করে ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে তরুণদের সক্রিয় রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার ঢাকায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘তারুণ্যের ইশতেহার ২০২৬’ শীর্ষক ছায়া সংসদ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইনস্টিটিউট ফর ইনফর্মড ডেভেলপমেন্ট (আইআইডি) ও ‘ইয়ুথ ফর পলিসি’ আয়োজিত দুই দিনের ‘পলিসি সামিট ২০২৬’-এর শেষ দিনে এই অধিবেশন হয়। তিনি সতর্ক করে বলেন, সুশিক্ষিত ও মেধাভিত্তিক তরুণ নেতৃত্ব রাজনীতিতে প্রভাব ফেলতে ব্যর্থ হলে স্বৈরাচারী ব্যবস্থার ঝুঁকি ফিরে আসতে পারে।
কায়সার কামাল বলেন, গত দেড় দশকে রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আদর্শচর্চা ও রাজনৈতিক সংস্কৃতি বদলাতে শিক্ষিত ও সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে প্রায় ১৪০০ জনের মৃত্যুর কথা স্মরণ করে তিনি বলেন, বিচার প্রক্রিয়া এখনো চলছে। এই পরিস্থিতিতে ফ্যাসিবাদের পুনরুত্থানের সংকেত উদ্বেগজনক।
ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর গণ-অভ্যুত্থান ও ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে তরুণদের নেতৃত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে তরুণেরা তাঁদের দাবিসংবলিত ‘তারুণ্যের ইশতেহার ২০২৬’ ডেপুটি স্পিকারের হাতে তুলে দেন। সেখানে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা ও মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন।