বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে চীনের গুয়াংজুর সাউথ চায়না নরমাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘চীন-বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলন’। এতে বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি এবং পিএইচডি ও মাস্টার্স পর্যায়ের যৌথ প্রোগ্রাম চালুর ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। শিক্ষাক্ষেত্রে এই দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব দুই দেশের একাডেমিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বাংলাদেশে কারিগরি শিক্ষার প্রসার এবং চীনা ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। চীন সরকারের পক্ষ থেকে গুয়াংডং প্রদেশের শিক্ষা কর্মকর্তারা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমানে সেখানে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন এবং ২০২৫ সালে নতুন করে ২০ জন শিক্ষার্থী সরকারি বৃত্তি পেয়েছেন, যা দুই দেশের শিক্ষা খাতের ক্রমবর্ধমান সহযোগিতারই বহিঃপ্রকাশ।