July 29, 2026, 10:04 pm

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা কর‌ছি: ভারতের হাইকমিশনার

Reporter Name
  • Update Time : Wednesday, July 29, 2026
  • 17 Time View
30

নিউজ ডেস্ক:
ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি যাবেন কি না—সে বিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত বাংলাদেশের সরকারের ওপর ছেড়ে দিয়েছে ভারত। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিজেদের দেশে স্বাগত জানাতে ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বুধবার (২৯ জুলাই) বিকেলে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় হাইকমিশনার। দায়িত্ব নেওয়ার পর মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, “এটা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর নিজস্ব অগ্রাধিকার ও সিদ্ধান্তের বিষয়। তবে আমাদের পক্ষ থেকে বলতে পারি, আমরা বাংলাদেশের সরকারপ্রধানকে ভারতে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। খুব শিগগিরই এই সফর বাস্তবায়িত হবে বলে আমরা আশাবাদী।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকটি অত্যন্ত উষ্ণ ও আন্তরিক পরিবেশে হয়েছে বলে উল্লেখ করেন ভারতীয় হাইকমিশনার। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ের পাশাপাশি সংস্কৃতি, ঐতিহ্য এবং দুই দেশের জনপ্রিয় খেলা ক্রিকেট নিয়েও খোলামেলা আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা সেবা পুনরায় চালুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটি দুই দেশের জনগণের যাতায়াত ও পারস্পরিক যোগাযোগ আরও সহজ করবে।

আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে এই সম্মেলনে বিশেষ অতিথি বা আউটরিচ পর্বে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই আমন্ত্রণ গ্রহণ করে প্রধানমন্ত্রী দিল্লি যাবেন কি না, সে বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com