যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, প্রথম ধাপে দেশের ১০টি অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং সেই তালিকায় প্রথম সারিতে নারায়ণগঞ্জ অন্তর্ভুক্ত থাকবে। এসব স্পোর্টস ভিলেজে ইনডোর গেমস, আর্চারি, শুটিং, সুইমিংসহ আন্তর্জাতিক মানের ক্রীড়া সুবিধা থাকবে।
শনিবার (১৮ জুলাই) বিকালে নারায়ণগঞ্জ শহরের ওসমানী স্টেডিয়ামে খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ জতি গঠন করার জন্য কাজ করছেন। বর্তমান প্রজম্মের ডিভাইসের প্রতি আসক্তি কমিয়ে মাঠমুখী করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। আমরা খেলাধুলাকে পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক করার জন্য কাজ করছি। মাদকমুক্ত সমাজ গড়তে সবার সহযোগিতা চাই।
তিনি বলেন, জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নাই। আমাদের সন্তানরা যেভাবে ডিভাইসের দিকে আসক্ত হয়ে গেছে, ডিভাইস থেকে দূরে রাখার জন্য বিকালে মাঠে এসে খেলাধুলার কোনো বিকল্প নাই। মাদকমুক্ত সমাজ গড়তে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি।
প্রতিমন্ত্রী বলেন, যেখানে খালি জায়গা থাকবে সেখানে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশনা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের। ইতোমধ্যে দেশের ৩০০ জন সংসদ সদস্যের কাছে চিঠি পাঠানো হয়েছে, যেন প্রতিটি ইউনিয়নে অন্তত আট বিঘা জমিতে একটি করে খেলার উপযোগী মাঠ গড়ে তোলা যায়। আগামী পাঁচ বছরে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলাধুলার উপযোগী মাঠ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি ও বন্ধন কোচিং সেন্টারের মধ্যে খেলা ড্র হলে ট্রাইবেকারেও দুই দল সমান সংখ্যক গোল করায় উভয় দলকে বিজয়ী ঘোষণা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক শাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।