March 10, 2026, 5:04 am
সর্বশেষ সংবাদ:

আসন নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য : জামায়াত আমির

Reporter Name
  • Update Time : Tuesday, March 10, 2026
  • 25 Time View
রাজনীতি থেকে ‘প্রতিহিংসার বিষ’ এবং ‘দুর্নীতির ক্যান্সার’ দূর করতে না পারলে গত ৫৫ বছরের মতো ভবিষ্যতেও দেশ কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, আমরা কেবল আসনের জন্য রাজনীতি করি না, জনগণের অধিকার কায়েমের জন্য রাজনীতি করি।

সোমবার (৯ মার্চ) জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিউল আলম প্রধানের হাতে গড়া সংগঠন জাগপার উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিলে দলটির ও জোটের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

 

বক্তব্যের শুরুতে ডা. শফিকুর রহমান পবিত্র রমজানের রহমত, মাগফিরাত ও নাজাতের তাৎপর্য তুলে ধরেন।

১১ দলীয় জোটের ঐক্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা জোটগতভাবে যখন বসেছি, তখন একটি কথাই বলেছি— আমরা শুধু আসনের জন্য আসিনি, জনগণের ভোটাধিকার ও অধিকার কায়েমের জন্য এসেছি। আমরা কথা দিচ্ছি, প্রিয় বাংলাদেশের জনগণের সঙ্গে আমরা কখনো বেইমানি করব না। সস্তা কোনো সুযোগ-সুবিধা আমাদের পথভ্রষ্ট করতে পারবে না।

 

সম্প্রতি ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের কথা স্মরণ করে জামায়াত আমির বলেন, দীর্ঘ ৫৪ বছরের বঞ্চনার পর আমাদের যুব সমাজের নেতৃত্বে যে পরিবর্তন এসেছে, সেই যুব সমাজকে আমরা চিরতরে বুকে ধারণ করে রাখব। তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের কাজ করে যেতে হবে। তাদের একটাই স্লোগান ছিল—‘উই ওয়ান্ট জাস্টিস’ (আমরা সুবিচার চাই)। আমরাও সর্বক্ষেত্রে সুবিচার চাই।

স্বজনপ্রীতি, দলপ্রীতি বা গোষ্ঠীপ্রীতি আমরা আর দেখতে চাই না। 

ঐতিহাসিক মক্কা বিজয়ের দিন (১৯ রমজান) উপলক্ষে তিনি বলেন, মক্কা বিজয়ের মাধ্যমে যেমন বিনা রক্তপাতে সত্য ও শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল, আমাদেরও সেই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইতিহাস থেকে শিক্ষা না নিলে ইতিহাস কাউকে ছেড়ে কথা বলে না।

দেশের চলমান সামাজিক অবক্ষয়ের প্রতি ইঙ্গিত করে তিনি স্বাধীনতাপরবর্তী ‘আবার তোরা মানুষ হ’ চলচ্চিত্রের কথা স্মরণ করেন। তিনি আক্ষেপ নিয়ে বলেন, আজকেও দেশের একজন বরেণ্য ব্যক্তি আক্ষেপ করে বলেছেন—আমরা কবে মানুষ হবো? সত্যিই আমাদের মনুষ্যত্বকে জাগ্রত করতে হবে।

শিক্ষাঙ্গন থেকে শুরু করে সর্বক্ষেত্রে যে অমানবিকতা, তা থেকে বেরিয়ে আসতে হবে। 

বিশ্বব্যাপী নিপীড়িত মানবতার কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা যুদ্ধের কারণে চরম অস্থিরতায় দিন পার করছে। অনেকেই হয়ত ইফতার ও সাহরিতে সামান্য খাবারটুকুও পাচ্ছে না। মানবতার ওপর যারা জুলুম করছে, আমরা তাদের তীব্র নিন্দা জানাই। যেখানেই মানবতা লঙ্ঘিত হবে, আমরা সেখানেই মানবতার পক্ষে দাঁড়াব।

ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর লড়াই অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন দলের আমির। তিনি বলেন, আমাদের লড়াই কোনো নির্দিষ্ট দলের বিজয়ের জন্য নয়, এই লড়াই হবে বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিজয়ের লড়াই। পরিশেষে ইফতার মাহফিলে আমন্ত্রণ জানানোর জন্য তিনি জাগপার নেতাদের ধন্যবাদ জানান এবং দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান

জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

উপস্থিত ছিলেন জামায়াত নেতা ও পিরোজপুর -১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান, নেজাজী ইসলাম পার্টির মহাসচিব মুছা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, নেক্সাস ডিফেন্স অব জাস্টিসের সভাপতি ব্রিগেডিয়ার হাসান নাসির, হাসিনার আমলে গুম হওয়া কর্নেল হাসিনুর রহমান, জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলাম, জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান,  হাজী মো. হাসমত উল্লাহ, ভিপি মজিবুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com