রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। শুক্রবার বিকেলে এ অস্ত্রোপচার হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এ নেতাকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে। এ মুহূর্তে তাঁর অবস্থা দেশের বাইরে নেওয়ার মতো নয়।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, এর আগে সকালে মির্জা আব্বাসের সিটিস্ক্যান করা হয়। সেই রিপোর্টে অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সবকিছু পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।
মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন বলে জানান ডা. রফিক। বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন।
ডা. রফিকুল ইসলাম বলেন, আপাতত মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। তাঁর পরিবার দেশের চিকিৎসার ওপর আস্থা রেখেছে। তবে পরবর্তী সময়ে মেডিকেল বোর্ড প্রয়োজন মনে করলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে। তিনি জানান, মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার ইফতারের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হলে সেদিন গভীর রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়। তবে অবস্থার অবনতি ঘটায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন চিকিৎসকরা।
দেখতে গেলেন প্রধানমন্ত্রী
মির্জা আব্বাসকে দেখতে জুমার নামাজের পর হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি তাঁর স্বাস্থ্যের সার্বিক খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসায় সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানতে চান। একই সঙ্গে উন্নত চিকিৎসায় দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এর আগে বৃহস্পতিবার রাতে হাসপাতালে যান জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হাসপাতালে অবস্থানরত মির্জা আব্বাসের স্ত্রীর কাছে শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন। ডা. শফিকুর মির্জা আব্বাসের আশু আরোগ্য কামনা করেন।
জামায়াত আমির ফেসবুকে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে একটি পোস্ট দেন। এতে তিনি উল্লেখ করেন, হাসপাতালে গিয়ে অসুস্থ মির্জা আব্বাসকে দেখে এসেছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। মহান আল্লাহর কাছে দোয়া করছেন, তিনি যেন মির্জা আব্বাসকে আশু পূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ যেন দ্রুত তাঁকে পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে ফিরে আসার তওফিক দেন।
জামায়াত আমিরের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি ডা. এসএম খালিদুজ্জামান।
এ ছাড়া মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন।