May 10, 2026, 5:24 pm

বিয়ে করতে গিয়ে পুলিশ হেফাজতে কিশোর-কিশোরী

Reporter Name
  • Update Time : Thursday, May 7, 2026
  • 13 Time View
17

ফোনে পরিচয়, তারপর প্রেম। সেই সম্পর্কের পরিণতি টানতে ঘর ছেড়েছিলেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাঘমারা গ্রামের এক কিশোর (১৭) ও সিলেটের ওসমানীনগরের এক কিশোরী (১৬)। উদ্দেশ্য ছিল আদালতের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া। কিন্তু বিধি বাম; আইনি বেড়াজালে বিয়ের পিঁড়ির বদলে তাদের ঠাঁই হয়েছে থানা হেফাজতে।

বুধবার (০৬ মে) সকালে সুনামগঞ্জ আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করতে আসেন ওই যুগল। তবে আইনি কাগজপত্র যাচাই করতে গিয়ে সংশ্লিষ্ট আইনজীবী দেখতে পান, বর ও কনে উভয়েই অপ্রাপ্ত বয়স্ক। আইনত বিয়ের ন্যূনতম বয়স (ছেলের ২১ ও মেয়ের ১৮) পূর্ণ না হওয়ায় আইনজীবী তাদের বিয়ে পড়াতে অস্বীকৃতি জানান এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে আদালত চত্বর থেকে তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর মডেল থানা হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই কিশোর-কিশোরীর পরিচয় ও ছবি প্রকাশ করে তাদের অভিভাবকদের সন্ধান করা হচ্ছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আইনজীবী তাদের আমাদের হেফাজতে পাঠিয়েছেন। আমরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। অভিভাবকদের পাওয়া গেলে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশে প্রচলিত ‘বাল্যবিয়ে নিরোধ আইন-২০১৭’ অনুযায়ী, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে বিয়ে করা বা বিয়ের আয়োজন করা একটি দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে জড়িতদের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com