দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের হামলার প্রতিবাদে সোচ্চার হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাতে চট্টগ্রাম মহানগর উত্তর শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর চকবাজারের প্যারেড মাঠ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নবাব ওয়ালী বেগ খাঁ মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষাঙ্গনে যে কোনো ধরনের সহিংসতা ও ভিন্নমত দমনের রাজনীতির কঠোর নিন্দা জানান। ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি মোমিনুল হক তার বক্তব্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা ও বিশৃঙ্খলা বন্ধ করে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা জরুরি। খুররম মুরাদের সঞ্চালনায় আয়োজিত এই সমাবেশে সংগঠনের অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।