সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের বিপর্যস্ত অর্থনীতির সংকট কাটিয়ে একটি শক্ত ভিত্তির ওপর বর্তমান সরকারকে দাঁড় করিয়েছে অন্তর্বর্তীকালীন প্রশাসন। বুধবার মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি স্থানীয় লাইব্রেরি উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। তার মতে, ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণের মতো অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার প্রাথমিক কাঠামো তৈরি করেছে, যা বর্তমান সরকারের কাজের পথ সহজ করেছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও উল্লেখ করেন, ৫ আগস্টের পরবর্তী অস্থিরতা ও বিশৃঙ্খল পরিস্থিতি কাটিয়ে বর্তমানে জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকার দায়িত্ব পেয়েছে, তাদের গ্রহণযোগ্যতা পূর্ববর্তী যে কোনো সময়ের চেয়ে বেশি। অনুষ্ঠানে তিনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, সমাজ থেকে দুর্নীতি ও মাদক নির্মূলে পাঠাগার ও খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কাজে সম্পৃক্ত করার মাধ্যমে একটি মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়া সম্ভব বলে তিনি অভিমত ব্যক্ত করেন।