পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, বর্তমান সরকার নতজানু পররাষ্ট্রনীতির নীতি পুরোপুরি বর্জন করেছে এবং ভবিষ্যতে বাংলাদেশ আর কারো কাছে মাথা নত করবে না। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। স্পিকার বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অধিবেশনে তিনি দেশের পররাষ্ট্রনীতির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে মন্ত্রী সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা চুক্তি’ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, এই প্রতিরক্ষা চুক্তিকে বাংলাদেশ অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে এবং এটিকে মুসলিম বিশ্বের সম্মিলিত আত্মরক্ষার একটি প্রক্রিয়া হিসেবে বিবেচনা করছে। তবে এই জোটে বাংলাদেশের অংশগ্রহণ মূলত সদস্য দেশগুলোর ঐকমত্য ও সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে তিনি জানান।
উল্লেখ্য যে, গাজা-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি যেমন সামরিক ও অর্থনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে, তেমনি দক্ষিণ এশীয় ভূ-রাজনীতিতে এটি নতুন কোনো উত্তেজনার জন্ম দেয় কি না—তা নিয়েও সতর্ক আলোচনা চলছে।