মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া মিয়ানমারের প্রায় পাঁচ হাজার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ২৯ সেপ্টেম্বর প্রথম ধাপের অংশ হিসেবে ১ হাজার ৪৭৬ জন নাগরিককে মিয়ানমারে ফিরিয়ে নেওয়া হবে। মিয়ানমার সরকারের সাথে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই প্রত্যাবাসন প্রক্রিয়াটি অত্যন্ত নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজে নৌবাহিনীর যুদ্ধজাহাজসহ প্রয়োজনীয় নৌযানের সহায়তা নেওয়া হবে।
প্রত্যাবাসনের পাশাপাশি মালয়েশিয়া সরকার দেশটিতে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের নিবন্ধন কার্যক্রম জোরদার করেছে। ২০২৬ সালের মধ্যে ‘ডকুমেন্ট পেন্ডাফতারান পেলারিয়ান’ (ডিপিপি) কর্মসূচির আওতায় ৪ হাজার ৮ জন নাগরিককে নিবন্ধিত করার লক্ষ্য রয়েছে। তবে ইমিগ্রেশন ডিপোতে আটক থাকা ১০ হাজার ৩৮৮ জন মিয়ানমার নাগরিককে শরণার্থী হিসেবে গণ্য করা হবে না এবং তাদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। মালয়েশিয়া সরকার স্পষ্ট জানিয়েছে যে, মিয়ানমারের সাথে ধারাবাহিক কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই জটিল পরিস্থিতির একটি সম্মানজনক সমাধানই তাদের মূল লক্ষ্য।