সম্প্রতি সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি মন্তব্য নিয়ে আলেম-ওলামাদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মাওলানা রফিকুল ইসলাম মাদানী এক পোস্টে ব্যাখ্যা করেছেন কেন অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের তুলনায় হাসনাতের ওপর হুজুররা বেশি ক্ষুব্ধ। মাদানী স্পষ্ট করেন যে, বিএনপি বা অন্যান্য দলের নেতাদের বক্তব্যের সঙ্গে আলেমদের কোনো গভীর সম্পর্ক নেই, তাই তাদের মন্তব্যে খুব একটা প্রতিক্রিয়া হয় না। কিন্তু যাদের সঙ্গে আন্দোলনের সময় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, সেই হাসনাতদের কাছ থেকে এমন মন্তব্য অপ্রত্যাশিত ও কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।
পোস্টে আরও উল্লেখ করা হয়, আন্দোলনের প্রয়োজনে হাসনাত আবদুল্লাহর ডাকে মাদ্রাসা শিক্ষার্থীরা ব্যাপকভাবে সাড়া দিয়েছিল। আলেমদের কাছে হাসনাত ও নাহিদ ইসলামরা নিজেদের লোক হিসেবেই গণ্য হন। কিন্তু যখন ঘনিষ্ঠ ব্যক্তিরা সংসদীয় বক্তব্যে ভুল বা আক্রমণাত্মক কিছু বলেন, তখন সেটি আলেমদের কাছে বিশ্বাসের অমর্যাদা বা ‘মোনাফেকি’ বলে মনে হয়। রফিকুল ইসলাম মাদানীর মতে, বাইরের রাজনৈতিক এজেন্টের বক্তব্যে আলেম সমাজ যতটা না ব্যথিত হয়, তাদের আপনজনদের বেফাঁস মন্তব্যে তার চেয়ে অনেক বেশি কষ্ট পায়।