দেশে চলমান জ্বালানি সংকটকে উপেক্ষা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রায় ১ লাখ লিটার তেল ব্যবহার করে লংমার্চ কর্মসূচি আয়োজনের উদ্যোগ নিয়েছে। এ নিয়ে তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। নিজের ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, জাতীয় এই সংকটময় পরিস্থিতিতে জনস্বার্থের চেয়ে ক্ষমতা অর্জনই কি দলটির কাছে বেশি গুরুত্বপূর্ণ?
রাশেদ খাঁন তার পোস্টে আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের মেয়াদ মাত্র সাত মাস পূর্ণ হওয়ার মধ্যেই জামায়াত ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠেছে। তার আশঙ্কা, জামায়াতের এই লংমার্চের আড়ালে অস্থিরতা সৃষ্টির চেষ্টা থাকতে পারে এবং এতে আওয়ামী লীগের অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে। তিনি দাবি করেন, ক্ষমতার স্বার্থে একাত্তরের গণহত্যাকারী দল জামায়াত এবং চব্বিশের গণহত্যাকারী দল আওয়ামী লীগ একজোট হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে কি না, তা নিয়ে জনমনে সন্দেহ দানা বাঁধছে।