September 16, 2026, 3:16 pm

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন হামেস রদ্রিগেজ

Reporter Name
  • Update Time : Wednesday, September 16, 2026
  • 17 Time View

কলম্বিয়ার জাতীয় ফুটবল দলের জার্সিতে দীর্ঘ দেড় দশকের বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করেছেন দেশটির অন্যতম সেরা তারকা হামেস রদ্রিগেজ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক আবেগঘন বার্তায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর এই সিদ্ধান্তের কথা জানান জনপ্রিয় এই মিডফিল্ডার। ২০১১ সালের অক্টোবর মাসে বলিভিয়ার বিপক্ষে ম্যাচের মাধ্যমে জাতীয় দলে অভিষেক হয়েছিল তার এবং এরপর থেকেই তিনি লাতিন আমেরিকার দেশটির আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে কলম্বিয়ার জার্সিতে মোট ১৩১টি ম্যাচ খেলে ৩১টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ৪৩টি গোল করিয়েছেন এই অভিজ্ঞ ফুটবলার। মাঠে দলের বিখ্যাত ১০ নম্বর জার্সি গায়ে চাপানোর পাশাপাশি দীর্ঘদিন তিনি জাতীয় দলের অধিনায়কের দায়িত্বও অত্যন্ত সফলতার সঙ্গে পালন করেছেন।

রদ্রিগেজের বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ও উজ্জ্বল অধ্যায় ছিল ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ টুর্নামেন্টটি। ওই আসরে মাত্র পাঁচটি ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে ছয়বার বল জড়িয়ে তিনি মর্যাদাপূর্ণ গোল্ডেন বুট পুরস্কার নিজের করে নিয়েছিলেন। বিশেষ করে উরুগুয়ের বিপক্ষে বক্সের বাইরে থেকে তার করা অবিশ্বাস্য ও দৃষ্টিনন্দন ভলিটি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোল হিসেবে স্মরণীয় হয়ে আছে। ব্রাজিলের আসরে তার জাদুকরী পারফরম্যান্সের সুবাদেই বিশ্ব ফুটবলের বড় দলগুলোর নজরে আসেন তিনি এবং পরবর্তীতে বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে নাম লেখানোর সুযোগ পান। এছাড়া নিজের ফুটবল ক্যারিয়ারে তিনি ২০১৪, ২০১৮ এবং সবশেষ ২০২৬— এই তিনটি ভিন্ন বিশ^কাপ আসরে দেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেছেন।

বিদায়ের প্রাক্কালে চলতি বছরের মাঝামা সময়ে অনুষ্ঠিত কোপা আমেরিকার আসরেও দারুণ নেতৃত্ব দিয়েছিলেন এই মিডফিল্ডার। তার অধিনায়কত্বেই দারুণ নৈপুণ্য দেখিয়ে ফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল কলম্বিয়া, যদিও শিরোপার লড়াইয়ে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়ে রানার্সআপ সন্তুষ্ট থাকতে হয় তাদের। এর কিছুদিন পর অনুষ্ঠিত বিশ^কাপের শেষ ষোলোর লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় কলম্বিয়া, যা তার জাতীয় দলের জার্সি গায়ে শেষ ম্যাচ হিসেবে নির্ধারিত হয়। আন্তর্জাতিক আঙিনাকে বিদায় জানালেও ৩৫ বছর বয়সি এই তারকা সম্প্রতি নিজ দেশের ক্লাব অ্যাথলেতিকো নাসিওনালে যোগ দিয়েছেন এবং এখন সম্পূর্ণ মনোযোগ ক্লাব ফুটবল চালিয়ে যাওয়ার দিকে দিচ্ছেন।

নিজের বিদায়ী বার্তায় হামেস রদ্রিগেজ দেশবাসীর পাশাপাশি তার সকল সতীর্থ ও বিশ্বজুড়ে থাকা সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দেশের জার্সিতে তার ১৫ বছরের এই দীর্ঘ পথচলা শেষ হলেও, ফুটবলপ্রেমীরা তাকে সর্বদা মনে রাখবেন তার ক্যারিয়ারের সোনালী মুহূর্তগুলোর জন্য। বিশেষ করে ২০১৪ বিশ্বকাপে তার অবিশ্বাস্য গোল ও পারফরম্যান্স কলম্বিয়ার ফুটবল ইতিহাসের পাতায় চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com