জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২১ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করছে। দলের রাজনৈতিক পর্ষদের সদস্য ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দলটির ভাষ্য, সাংগঠনিক কার্যক্রমের গতি বাড়ানো, রাজনীতিতে বুদ্ধিবৃত্তিক চর্চা বৃদ্ধি এবং দলের সাংগঠনিক কাঠামো বিস্তারের লক্ষ্যে এই পরিষদ গঠন করা হচ্ছে। সদস্যরা দলকে পরামর্শ দেবেন, আর সেই পরামর্শ দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সঙ্গে আলোচনা করে বাস্তবায়ন করা হবে। ভবিষ্যতে পরিষদের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এখন পর্যন্ত যাঁদের নাম জানা গেছে: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ফজলুর রহমান, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মাসকাওয়াথ আহসান, সাবেক অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দীন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, অধ্যাপক ড. এস এম আবদুল কুদ্দুছ, প্রকৌশলী সাবিনা আহমেদ এবং মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী। বাকি সদস্যদের নাম এখনো প্রকাশ করা হয়নি।