অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের সঙ্গে সরাসরি জড়িত অন্তত ১৭টি প্রতিষ্ঠান যুক্তরাজ্যের সরকারি অর্থায়নে বিশাল অঙ্কের ব্যবসায়িক সুবিধা ভোগ করছে। আল-জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে যে, এই কোম্পানিগুলো ব্রিটিশ সরকারের কাছ থেকে ২ দশমিক ১ বিলিয়ন পাউন্ডের বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের চুক্তি হাতিয়ে নিয়েছে।
আন্তর্জাতিক আইনে পশ্চিম তীরের এই বসতিগুলোকে অবৈধ হিসেবে গণ্য করা হলেও, ব্রিটিশ সরকারের এই চুক্তিগুলো নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। মানবাধিকার কর্মীদের মতে, রাষ্ট্রীয় অর্থায়নে এ ধরনের বাণিজ্যিক সম্পর্ক আন্তর্জাতিক নৈতিকতা ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠলেও যুক্তরাজ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।