পাবনার ঈশ্বরদীতে নতুন করে ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন দলটির পদবঞ্চিত নেতাকর্মীরা। এই কমিটি বাতিল করার দাবিতে মঙ্গলবার বিকেলে শহরের প্রধান সড়কগুলোতে ঝাড়ু মিছিল করেন বিক্ষুব্ধ কর্মীরা। প্রতিবাদস্বরূপ তারা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের কুশপুত্তলিকাও দাহ করেছেন।
এর আগে স্থানীয় বাস টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ নেতারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রদান করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজপথে লড়াই করা পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করে রাতের আঁধারে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত এই কমিটি বাতিল করে তৃণমূলের ত্যাগী নেতাদের নিয়ে পুনর্গঠনের দাবি জানিয়েছেন তারা। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।