দীর্ঘ ৩৫ বছর বিরতির পর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার দুপুর ২টা ১০ মিনিটে জাতীয় সংসদ ভবনে এই ভোট প্রক্রিয়া শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলমান থাকবে। এবারের নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ক্ষমতাসীন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত সমর্থিত ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। ১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা চালুর পর এটি দ্বিতীয়বারের মতো ভোটগ্রহণের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন, এর আগে সাতবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।