বিরোধী দলের সাথে সরকার যে আচরণ করছে, তা আওয়ামী লীগও করেনি বলে জানিয়েছেন বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিরোধীদেরকে উন্নয়ন বরাদ্দ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি।
বৈষম্যের জন্য আন্দোলন হয়েছিল; আজকে দেখা যাচ্ছে বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি— যোগ করেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিরোধী দলের ওয়াকআউটের পর ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
জামায়াতের এ জ্যেষ্ঠ নেতা তখন আরও বলেন, দেশে সারের সংকট রয়েছে, বিদ্যুৎ নেই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও নাজুক। এসব জনদুর্ভোগ নিয়ে সংসদে আলোচনা হবে বলে আমরা দল আশা করেছিল। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর মনে রাখা উচিত, শাহবাগের ফল হিসেবে উনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন।
গণভোট প্রসঙ্গেও সরকারের সমালোচনা করেন বিরোধী দলীয় উপনেতা। তিনি বলেন, গণভোটের পক্ষে সবাই ছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও গণভোটের পক্ষে ছিলেন। কিন্তু বিএনপি এখন জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করছে। দুর্বল ও মেরুদণ্ডহীন অন্তর্বর্তী সরকার বিএনপির চাপে গণভোট ও সংসদ নির্বাচন একসঙ্গে করেছে। বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলেই বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করেছে বলে জানান তিনি।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন—এমন অভিযোগ তুলে তার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান বিরোধী দলের সদস্যরা।
বিরোধী দলের আপত্তি, হইচই, হট্টগোলে কিছু সময় সংসদে একপ্রকার অচলাবস্থা তৈরি হয়। পরে বিরোধী দলের আপত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের বক্তব্য প্রত্যাহার করার কথা জানায়, কিন্তু এরপরও পরিস্থিতি তাৎক্ষণিক শান্ত হয়নি।