বিদ্যুৎ ও গ্যাস সংকট, লাগামহীন দ্রব্যমূল্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলীয় সদস্যরা। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সরকারি তিনটি বিল উত্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমানের নেতৃত্বে তারা একযোগে অধিবেশন কক্ষ ত্যাগ করেন। বিরোধী পক্ষ অভিযোগ তুলেছে যে, জ্বালানি সংকটের কারণে কল-কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ শ্রমিকরা কর্মহীন হয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছেন।
সংসদে দেওয়া বক্তব্যে ড. শফিকুর রহমান জানান, জনগুরুত্বপূর্ণ এসব বিষয় নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি ও স্পিকারের কাছে বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ জানানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এছাড়া, গণভোটে জনগণের রায় পাওয়া গুরুত্বপূর্ণ সংস্কার অর্ডিন্যান্সগুলো ল্যাপস হতে দেওয়া এবং বেসরকারি দিবসে সরকারি বিল উত্থাপনকে তিনি সরকারি দলের স্বেচ্ছাচারিতা বলে আখ্যায়িত করেন। তিনি সতর্ক করে বলেন, বিচার বিভাগ ও নির্বাচনসহ বিভিন্ন সংস্কার কমিশন নিষ্ক্রিয় হয়ে পড়ায় দেশে আবারও পুরোনো ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে।