দেশের ৬৪টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি ও মাদক নির্মূল এবং উন্নয়ন প্রকল্পগুলোর তদারকির জন্য ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে বিশেষ দায়িত্ব প্রদান করেছে সরকার। গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই আদেশের আওতায় জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছকে সিলেট ও সুনামগঞ্জ জেলার সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অতীতে বিভিন্ন জেলায় উন্নয়নের নামে ব্যাপক লুটপাট ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অবৈধ অর্থের একাংশ বিদেশে পাচার করা হয়েছে, যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই অনিয়ম রোধ, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জবাবদিহি তৈরির লক্ষ্যেই অভিজ্ঞ জনপ্রতিনিধিদের জেলাভিত্তিক সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।